বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী বিজয়ের চমক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ১২ মে ২০২৬
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়/ ছবি: এএফপি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই একাধিক বড় ঘোষণা দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। রোববার (১০ মে) শপথ নেওয়ার পর তার প্রথম নির্দেশনাগুলোর মধ্যে ছিল- ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স গঠন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালু করা।

শপথ অনুষ্ঠানে বিজয় তার আবেগঘন বক্তব্য শুরু করেন তামিল বাক্য ‘এন নেনজিল কুডিইরুক্কুম’ দিয়ে। এর অর্থ- যারা আমার হৃদয়ে বাস করেন। অতীতে ভক্তদের উদ্দেশে কথা বলার সময়ও তিনি এই বাক্য ব্যবহার করতেন।

প্রথম সিদ্ধান্তগুলো কী?

তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) প্রধান বিজয় তার প্রথম সরকারি নির্দেশে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে মাদকের বিস্তার ঠেকাতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন।

নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী ও একটি হেল্পলাইন চালুর কথাও জানান তিনি। বিজয় বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পানির মতো মৌলিক বিষয়গুলোর প্রতি তিনি পূর্ণ মনোযোগ রাখবেন।

তিনি আরও বলেন, কৃষক ও জেলেদের দেখভাল করা হবে। সবকিছু ভালো হবে।

ভাষণে নিজের সংগ্রামের কথাও তুলে ধরেন বিজয়। বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য আর ক্ষুধা কী, তা জানি। আমি কোনো রাজপরিবার থেকে আসিনি।

বিজয় বলেন, জীবনে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এবং বহু মানুষ তাকে অপমান করেছে।

তার ভাষায়, আমি আপনাদের ছেলে-ভাই-ছোট ভাইয়ের মতো। আপনারা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন, গ্রহণ করেছেন।

‘মিথ্যা প্রতিশ্রুতি দেব না’

নতুন মুখ্যমন্ত্রী বলেন, তিনি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। তিনি দাবি করেন, ডিএমকে রাজ্যের কোষাগার খালি করে দিয়েছে ও ১০ লাখ কোটি রুপি ঋণের বোঝা কাঁধে নিয়ে দায়িত্ব নিয়েছি।

বিজয় বলেন, আমরা জনগণের অর্থ থেকে এক পয়সাও নেব না ও কাউকে রাজ্য লুট করতে দেব না। সেই সঙ্গে তিনি ‘প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।