বেইজিং বৈঠক নিয়ে আশাবাদী মার্কিন প্রযুক্তি ব্যবসায়ীরা
চীনের রাজধানী বেইজিংয়ে যুক্তরাষ্ট্র-চীন উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে আশাবাদের বার্তা দিয়েছেন প্রযুক্তি জগতের শীর্ষ নির্বাহীরা। একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দুই দেশের বাণিজ্য প্রতিনিধিদের বৈঠকে ‘সামগ্রিকভাবে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফলাফল’ এসেছে।
ট্রাম্পের বেইজিং সফরে তার সঙ্গে প্রযুক্তি ও ব্যবসা জগতের এক ডজনের বেশি শীর্ষ নির্বাহী অংশ নিয়েছেন। তাদের মধ্যে টেসলার প্রধান ইলন মাস্ক, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং ও অ্যাপলের প্রধান টিম কুকও রয়েছেন। চীনের গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার পর এসব নির্বাহী সংক্ষিপ্তভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক সাংবাদিকদের বলেন, তিনি চীনে এসে ‘অনেক ভালো কাজ’ করতে চান। জেনসেন হুয়াং জানিয়েছেন, বৈঠকগুলো ‘চমৎকারভাবে’ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, টিম কুকুকে সাংবাদিকেরা বৈঠকের অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য না করে শুধু থাম্বস আপ দেখান।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য প্রতিনিধিদল গতকাল যে বৈঠক করেছে, সেখানে “সাধারণভাবে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফল” অর্জিত হয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়ায় বুধবার (১৩ মে) যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেংয়ের সঙ্গে বৈঠক করেন। বহুল প্রত্যাশিত ট্রাম্প-শি বৈঠকের আগে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
শি জিনপিং বলেন, বাস্তবতা বারবার প্রমাণ করেছে যে বাণিজ্যযুদ্ধে কোনো পক্ষই জয়ী হয় না। চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক লাভ ও উভয়পক্ষের জন্য লাভজনক সহযোগিতা।
চীনা প্রেসিডেন্টের ভাষায়, দুই পক্ষেরই উচিত কঠোর পরিশ্রমে অর্জিত ইতিবাচক অগ্রগতির ধারা ধরে রাখতে একসঙ্গে কাজ করা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি চান শি জিনপিং চীনের শিল্পখাতকে আরও বেশি করে মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দিন।
সূত্র: রয়টার্স
এসএএইচ