জননিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রস্তুতি জরুরি: পুলিশ সুপার মাসুদ
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত পিটি ও প্যারেড চর্চার বিকল্প নেই।
মঙ্গলবার (১৯ মে) সকালে নগরের হালিশহরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা প্যারেডে অংশ নেন। এ সময় সদস্যদের চৌকসতা, পেশাদারত্ব, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার প্রতিফলন দেখা যায়।
পরে প্যারেডে ভালো টার্নআউট ও দক্ষতা প্রদর্শনকারী সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এসএনআর