চট্টগ্রামে ভাড়াবাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৯ মে ২০২৬
ফাইল ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে ভাড়াবাসা থেকে গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহজাহান ম্যানশন নামের একটি ভবনের ভাড়াবাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গীতা দে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকার মৃত নির্মল বর্মনের স্ত্রী। তিনি একমাত্র ছেলেকে নিয়ে গত চার বছর ধরে ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে নিজ কক্ষে গীতা দে’র ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাসার মালিক মো. শাহজাহান বলেন, গীতা দে দীর্ঘদিন ধরে তার বাসায় ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআরএএইচ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।