সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তিউনিসিয়ার
রাজধানী তিউনিসের বার্ডু যাদুঘরে সন্ত্রাসী হামলায় ১৯ জন নিহত হওয়ার পর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইযের ঘোষণা দিয়েছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি কাইদ ইসেবসি। বুধবারের ওই হামলার পর তিনি বলেন, তিউনিসিয়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আছে। খবর বিবিসি।
সন্ত্রাসী হামলায় নিহত ১৯ জনের মধ্যে ১৭ জনই বিদেশি পর্যটক। এরা জাপান, ইতালি, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড ও স্পেনের নাগরিক বলে জানা গেছে। বাকি দুজন তিউনিসীয়। তাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ হামলার ঘটনায় বিদেশি পর্যটক ও তিউনিসীয় নিয়ে ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
ঘটনার পর জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট ইসেবসি বলেন, এসব সংখ্যালঘু দানবরা আমাদের ভীত করতে পারবে না। ক্ষমাহীনভাবে এদের মূল উপড়ে ফেলা না পর্যন্ত আমরা এদের প্রতিরোধ করে যাব।
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ বলেন, আামাদের ইতিহাসের একটি সঙ্কটজনক সময় এটি, পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রতিরোধ করার সময়ও এটি।
হামলার পর অনেক তিউনিসীয় নাগরিক তিউনিসের কেন্দ্রস্থলে জাদুঘরের সামনে রাস্তায় এসে পতাকা উড়িয়ে ও মোমবাতি জ্বালিয়ে হামলার প্রতিবাদ জানায়।
বিশ্ব নেতারা এই হামলার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাস প্রতিরোধে তিউনিসিয়ার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে কড়া ভাষায় হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সন্ত্রাসী সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে মিত্র তিউনিসিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
অপরদিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তিউনিসিয়াকে পূর্ণ সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এএইচ/আরআইপি