পরমাণু ইস্যুতে কোনো ছাড় নয় : ইরান
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনায় তেহরান কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু আলোচক দলের সদস্য সাইয়্যেদ আব্বাস আরাকচি। ইরানের পরমাণু ইস্যুতে অভিন্ন অবস্থানে পৌঁছাতে পাশ্চাত্যের দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
আব্বাস আরাকচি বলেন, ছাড় দেয়া বা নেয়ার কোনো কথা নেই। বিশেষ করে আমাদের পক্ষ থেকে ছাড় দেয়া হবে এমন কোনো কথা বলা হয়নি। আমরা এখন পরমাণু কর্মসূচির বিষয়ে আস্থাপূর্ণ পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি।
তিনি আরও বলেন, আমাদেরকে সম্মান জানাতে হবে এবং শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি মেনে নিতে হবে। অন্যায়ভাবে যেসব নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে সেগুলো তুলে নিতে হবে। এটাই হলো আমাদের পরমাণু আলোচনার লক্ষ্য।
ইরান এখনও প্রয়োজনীয় ছাড় দেয়নি বলে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে আব্বাস আরাকচি সাংবাদিকদের বলেন, বর্তমানে আমরা আলোচনার স্পর্শকাতর পর্যায়ে রয়েছি। এটাই স্বাভাবিক যে, এ পর্যায়ে অনেকেই আলোচনায় প্রভাব বিস্তারের জন্য নানা ধরনের কথা বলবে।
সুইজারল্যান্ডের লোজানে টানা ছয় দিনব্যাপী আলোচনা শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন ইরানের আলোচক দল। আগামী ২৫ মার্চ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আবারও আলোচনা শুরু করবে তেহরান।
বিএ/পিআর