পাকিস্তানে প্রজাতন্ত্র দিবস পালিত
পাকিস্তানে টানা সাত বছর বিরতির পর প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। সোমবার এ প্রজাতন্ত্র দিবসে সশস্ত্র বাহিনীর যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেনা, নৌ ও বিমানবাহিনী মনোজ্ঞ এ কুচকাওয়াজে অংশ নেয়।
সশস্ত্র বাহিনীর বিভিন্ন অর্জনও প্রদর্শন করা হয় এই কুচকাওয়াজ অনুষ্ঠানে। পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কুচকাওয়াজ পরিদর্শন করেছেন। কুচকাওয়াজ অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়।
কুচাকাওয়াজ চলাকালে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়। কারণ তালেবানরা বোমা বিস্ফোরণ ঘটাতে মোবাইল নেটওয়ার্ককে ব্যবহার করে থাকে। নিরাপত্তা ঝুঁকির কারণেই গত সাত বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ বন্ধ রাখা হয়েছিল।
১৯৪০ সালের ২৩ মার্চ বর্তমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে একটি প্রস্তাব উত্থাপিত হয় এবং ওই প্রস্তাবের ভিত্তিতেই পাকিস্তান নামের স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র জন্মলাভ করে। ওই দিনটিকেই পাকিস্তানে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।
বিএ/আরআই