শীর্ষে পুতিন : একাদশে ওবামা


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ১৬ এপ্রিল ২০১৫

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় আবারো শীর্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় ৬ দশমিক ৯৫ পয়েন্ট পেয়ে সবার শীর্ষে রয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ তালিকায় রয়েছে ১১তম স্থানে। তালিকাটি বৃহস্পতিবার প্রকাশ করা হবে। খবর টাইম ও দ্য ইন্ডিপেন্ডেন্টের।

খবরে বলা হয়েছে, টাইম ম্যাগাজিনের পাঠকদের ভোটে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ও শান্তিতে নোবেল জয়ী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা এবং মালালা ইউসুফজাইকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হয়েছেন পুতিন। এ তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও রয়েছেন।

টাইম ম্যাগাজিন জানিয়েছে, জরিপে সবচেয়ে বেশি ৫৭. ৪ শতাংশ অংশগ্রহণকারী ছিল যুক্তরাষ্ট্রের। এর পরই ছিল কানাডা ও ব্রিটেনের।

রাশিয়ার গণমাধ্যম বিষয়টিকে `আরেকটি বিজয়` হিসাবে বর্ণনা করেছে। গত বছর ফোর্বসের করা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় শীর্ষে ছিলেন পুতিন। এর আগেও টাইম ম্যাগাজিনের `পারসন অফ দ্য ইয়ার` এবং ২০১৩ সালে `ইন্টারন্যাশনাল পারসন অব দ্য ইয়ার` খেতাব জিতেছিলেন রুশ প্রেসিডেন্ট।

টাইমের পাঠক ভোটে ৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন `সিএল` নামে পরিচিত দক্ষিণ কোরিয়ার র্যাপ সঙ্গীতশিল্পী লি চে-রিন। শীর্ষ পাঁচে আছেন পপ স্টার লেডি গাগা (২ দশমিক ৬ শতাংশ), রিহান্না (১ দশমিক ৯ শতাংশ) ও টেইলর সুইফট (১ দশমিক ৮ শতাংশ ভোট)।

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা (১ দশমিক ৭ শতাংশ), মালালা ইউসুফজাই (১ দশমিক ৬ শতাংশ) ও পোপ ফ্রান্সিস (১ দশমিক ৫ শতাংশ ভোট) তালিকায় শীর্ষ দশে আছেন। ১ দশমিক ৪ এবং ১ দশমিক ২ শতাংশ পয়েন্ট নিয়ে ১১ ও ১২তম স্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা রয়েছেন।

এএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।