যুদ্ধ দীর্ঘ হলে সৌদিরই ক্ষতি বাড়বে


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৬ এপ্রিল ২০১৫

লেবাননে হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নায়িম কাসিম বলেছেন, ইয়েমেনে সৌদিদের ব্যাপক ক্ষয়ক্ষতি আমরা দেখেছি; কারণ, আনসারুল্লাহ তথা বিপ্লবীরা ও ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং জনপ্রিয় গণ-কমিটি দেশটির রাজধানী এডেনসহ বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে।

যুদ্ধ যত দীর্ঘ হবে, সৌদিদের ক্ষতি ততই বাড়বে। শেখ কাসিম বৈরুতে হিজবুল্লাহর এক সমাবেশে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আশা ফিরিয়ে আনা’ শীর্ষক সৌদি অভিযান ইয়েমেনের জনগণের ওপর আরেকটি যুদ্ধ চাপিয়ে দেয়ার প্রচেষ্টা।

তিনি ইয়েমেনে ‘দৃঢ়তার ঝড়’ শীর্ষক অভিযান শেষ করার সৌদি ঘোষণাকে ইয়েমেনি জনগণের বিরুদ্ধে সৌদি সরকারের আনুষ্ঠানিক পরাজয়ের স্বীকৃতি বলে মন্তব্য করেছেন।

ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে তিনি বলেন, ইয়েমেনের ভবিষ্যৎ বা ভাগ্য নির্ধারণের বিষয়টি ইয়েমেনিদের ওপরই ছেড়ে দিন, তা না হলে গাজার বেসামরিক জনগণের ওপর ইসরাইলি আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণের ওপর সৌদি আগ্রাসনের মধ্যে কী পার্থক্য রয়েছে?
 
যেসব আরব সরকার ইয়েমেনে সৌদি আগ্রাসনে সহযোগী বা শরিক হয়েছেন তাদের তিনি প্রশ্ন করেন, আজ ইসরাইল গোটা আরব বিশ্বকে হুমকি দিচ্ছে, কিন্তু কোথায় আরবদের প্রতি আপনাদের সমর্থন? কোথায় আপনাদের যুদ্ধ বিমান? কোথায় আপনাদের মর্যাদা বা আত্মসম্মানবোধ?
 
মার্কিন মদদপুষ্ট সৌদি সরকার ও তার সহযোগী কয়েকটি সরকার গত ২৬ শে মার্চ থেকে ইয়েমেনে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে। তারা পলাতক ইয়েমেনি প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার কথা বলছে। এক মাসের এই আগ্রাসনে শত শত নারী ও শিশুসহ প্রায় তিন হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।