স্ত্রীর পরকীয়ার জেরে হত্যাকাণ্ড: ১৪ বছর পর স্বামীর যাবজ্জীবন
রাজধানীর তেজগাঁও এলাকায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রায় ১৪ বছর পর মো. শাহাদাৎ হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১১ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৯ এর বিচারক মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় শাহাদাৎ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম সরকার।
মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত আনিসের সঙ্গে আসামি শাহাদাৎ হোসেনের স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে শাহাদাৎ একাধিকবার আনিসকে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না রাখতে সতর্ক করেন। তবে সতর্ক করার পরও আনিস ওই সম্পর্ক অব্যাহত রাখেন।
এতে ক্ষুব্ধ হয়ে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের দক্ষিণ পাশে মা মেডিকেল স্টোরের বিপরীত দিকের ফুটপাতে আনিসকে ছুরিকাঘাত করেন শাহাদাৎ। পরে ঘটনাস্থলেই তাকে ফেলে রেখে পালিয়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আনিসকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. মাসদুল ইসলাম অজ্ঞাতপরিচয়ের আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পরে তদন্ত শেষে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি তেজগাঁও থানার উপ-পরিদর্শক কাজী সাহান হক শাহাদাৎ হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৭ মে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
এমডিএএ/এসএনআর