নেপালে ফের এয়ার ইন্ডিয়া ফ্লাইট চালু
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে পুনরায় ফ্লাইট চালু করেছে ভারতের জাতীয় বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। রোববার সকালে নয়াদিল্লী ও কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, সকাল সাড়ে সাতটায় দুটি ফ্লাইট কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করে। একটি বিমানে ১১৮ ও অপরটিতে ৪৫জন যাত্রী ছিলেন।
এয়ার ইন্ডিয়া দিনে নয়াদিল্লী থেকে দুটি ফ্লাইটসহ মোট তিনটি ফ্লাইট কাঠমান্ডুতে পরিচালনা করে। এছাড়া কলকাতা-কাঠমান্ডু-কলকাতা ফ্লাইট সপ্তাহে চারবার চলাচল করে।
মুখপাত্র জানান, এয়ার ইন্ডিয়া নির্ধারিত ফ্লাইটের পাশাপাশি ত্রাণবাহী অতিরিক্ত আরেকটি করে ফ্লাইট দিল্লী ও কলকাতা থেকে কাঠমান্ডুর উদ্দেশে পরিচালনা করবে।
শনিবার ভয়াবহ ভূমিকম্পের পর নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়ার প্রেক্ষাপটে শনিবার এয়ার ইন্ডিয়ার দুটি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়। ওই বিমান দুটির যাত্রীদের কাঠমান্ডু পৌঁছে দিতে নতুন করে এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
এয়ার ইন্ডিয়া তিনটি নিয়মিত ফ্লাইটের মধ্যে শনিবার কেবল একটি ফ্লাইট পরিচালনা করেছিল। সেই ফ্লাইটটি ভূমিকম্প হওয়ার অনেক আগেই কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে গিয়েছিল।
এয়ার ইন্ডিয়ার পাশাপাশি অন্যান্য ভারতীয় বিমান সংস্থাও কাঠমান্ডুগামী ফ্লাইট বন্ধ করে দেয়। তবে সব বিমান সংস্থা রোববার কাঠমান্ডুগামী তাদের ফ্লাইট পুনরায় চালু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একে/আরআইপি