নেপালে ভূমিকম্পের জন্য রাহুল গান্ধী দায়ী!


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ২৮ এপ্রিল ২০১৫

নেপালে শক্তিশালী ভূমিকম্পের জন্য কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী দায়ী বলে মন্তব্য করেছেন বিজেপি এমপি সাক্ষী মহারাজ। বিতর্কিত এ বিজেপি এমপির দাবি, গরুর গোশত খেয়ে নিজেকে শুদ্ধ না করেই পবিত্র কেদারনাথে যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। তারই ফলশ্রুতি হিসেবে নেপালে ভূমিকম্প হয়েছে!
 
ভূমিকম্পের মতো ভয়াবহ ঘটনায় এ ধরনের উদ্ভট মন্তব্য করায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের মতো মানবিক বিপর্যয় নিয়ে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক রঙ দেয়ার চেষ্টা করা হচ্ছে।
 
সোমবার কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা দেব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের কতিপয় সঙ্গী অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণভাবে এবং সংকীর্ণ মনোভাব নিয়ে একটি ভয়াবহ মানবিক বিপর্যয়কে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক রঙ দেয়ার চেষ্টা চালাচ্ছেন।
 
তিনি মিডিয়ায় প্রকাশিত খবরের কথা মনে করিয়ে দিয়ে জানান, নারীদের ১০ সন্তানের জন্ম দেয়ার আহ্বান জানিয়ে বিখ্যাত হওয়া বিজেপি নেতা এবং এমপি সাক্ষী মহারাজ এবার নেপালে ভূমিকম্পের জন্য রাহুল গান্ধীর ভগবান কেদারনাথ দর্শনকে দায়ী করেছেন।
   
কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দেব আরও জানান, এ রকম মন্তব্য করে তিনি শুধু কেদারনাথের উপর বিশ্বাস রাখা মানুষদেরই অপমান করেননি বরং ভয়াবহ মানবিক বিপর্যয়ে বিপর্যস্তদের প্রতিও উপহাস করেছেন। তিনি বলেন, আমরা দাবি করছি, প্রধানমন্ত্রী এবং বিজেপি প্রেসিডেন্ট সাক্ষী মহারাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।
 
প্রসঙ্গত, গত সপ্তাহেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেদারনাথ মন্দির দর্শনে যান। রাহুল গান্ধী মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে মন্দিরের ভেতরে গিয়ে কিছুক্ষণ সময় কাটান। সেখানে পুজো দেয়ার পর তিনি মন্দিরের আশেপাশে ঘুরে দেখেন এবং মাটিতে শুয়ে কিছুক্ষণ বিশ্রামও নেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।