মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াবে : নেপালের প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ভয়াবহ ভূমিকম্পের কারণে নেপালে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।

সাক্ষাৎকারে তিনি জানান, নেপালের কাছে এটি সবচেয়ে কঠিন সময়। নেপাল সরকার যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত মানুষকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। তবে এই সংখ্যা ১০ হাজার পর্যন্ত গড়াতে পারে।

উল্লেখ্য, ১৯৩৪ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পে প্রায় সাড়ে আট হাজার লোকের মৃত্যু হয়। এর প্রায় ৮০ বছর পর ফের ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে দেশটি।

গত শনিবার যখন নেপাল ভূমিকম্প হয় তখন প্রধানমন্ত্রী কৈরালা বিদেশে ছিলেন। রোববারই তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরেই সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিভিন্ন দেশের কাছেও সাহায্য প্রার্থনা করেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।