ইয়েমেনে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে
মার্কিন মদদপুষ্ট সৌদি আরব ও তার মিত্র বাহিনীর আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত তিন হাজার ৫১২ জন নিহত এবং ছয় হাজার ১৮৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৯২ শিশু ও ২০৯ জন নারী রয়েছেন। আহতদের মধ্যে ৯৭৮ শিশু ও ৭১৩ জন নারী।
ইয়েমেনের বার্তা সংস্থা সাবা এ পরিসংখ্যান প্রকাশ করেছে। এ ছাড়াও শরণার্থীদের সংখ্যা নয় লাখ ৫ হাজার ছাড়িয়ে গেছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
এছাড়া সৌদি বোমা হামলায় ইয়েমেনে চার হাজার ৮৯৮টি বাড়ি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত এবং ৮ হাজার ৫৭৭টি বেসামরিক স্থাপনাও বিধ্বস্ত হয়েছে বলে সাবা জানিয়েছে।
সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের জোট এডেনসহ ইয়েমেনের নানা অঞ্চলে নির্বিচার বোমা বর্ষণ অব্যাহত রেখেছে।
গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে মার্কিন মদদপুষ্ট সৌদি জোট। ইহুদিবাদী ইসরাইলের জঙ্গি বিমানও এ হামলায় অংশ নিয়েছে।
বিএ/পিআর