নিউইয়র্কে পাখি বাঁচাতে রাতে আলো বন্ধ রাখার সিদ্ধান্ত


প্রকাশিত: ০৪:২৬ এএম, ২৯ এপ্রিল ২০১৫

পরিযায়ী পাখিরা যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সে বিষয়টিকে মাথায় রেখে যুক্তরাষ্ট্রের একটি রাজ্যের কর্তৃপক্ষ রাতের বেলা বাতি নিভিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। নিউইয়র্ক রাজ্যে হেমন্ত ও বসন্ত দুই ঋতুতে সরকারি ভবনের এসব আলো বন্ধ রাখা হবে বলে জানা গেছে।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ পাখি সাধারণত এই সময়েই নিউইয়র্ক শহরের ওপর দিয়ে উড়ে যায়।

ধারণা করা হয়, দূর-দূরান্ত থেকে উড়ে আসা এসব পাখি আকাশের তারার সাহায্যে তাদের গতিপথ চিনে চলাচল করে এবং বৈদ্যুতিক আলোর কারণে তারা বিভ্রান্ত হতে পারে। এমনকি ভবনের গায়ে ধাক্কা লেগে এদের মৃত্যুও হতে পারে। এক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রতিবছর এ ধরনের দুর্ঘটনায় প্রায় একশো কোটি পাখির মৃত্যু হয়।

কর্মকর্তারা বলছেন, আলো নিভিয়ে রাখার কারণে এ শহরের উপর দিয়ে পাখিরা নিরাপদে আরো উত্তরে সরে যেতে পারবেন বলে তারা আশা করছেন। নিউইয়র্ক রাজ্যের গভর্নর বলেছেন, উজ্জ্বল সব আলো রাত ১১টা থেকে ভোর পর্যন্ত নিভিয়ে রাখা হবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।