ভূমিকম্পে নিহতদের সম্মানে নেপালে তিনদিনের শোক


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৯ এপ্রিল ২০১৫

নেপালে শক্তিশালী ভূমিকম্পে পাঁচ সহস্রাধিক লোকের প্রাণহানির ঘটনায় দেশটি তাদের সম্মানে তিনদিনের শোক ঘোষণা করেছে। ধ্বংসাবেশ সরানোর পর এবং আরও দুর্গম এলাকায় গেলে এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মঙ্গলবার কর্মকর্তারা।

এই দুর্যোগে ৮০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৪ লাখ লোকের জরুরি খাদ্য প্রয়োজন বলে দাবি করেছে জাতিসংঘ। তারা   সেখানে জরুরি তহবিল থেকে দেড় কোটি ডলার ত্রাণ তৎপরতার জন্যে ব্যয় করবে।

জাতিসংঘের মানবিক বিভাগের প্রধান ভ্যালেরি অ্যামোস এই সংকট সচক্ষে মূল্যায়নের জন্যে বৃহস্পতিবার নেপাল যাচ্ছেন। সেখানে আরও হাজার হাজার লোক ত্রাণের অপেক্ষায় রয়েছে।

টেলিভিশনে ধারণ করা এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সুশীল কৈরালা সহযোগিতাদের জন্যে দাতাদের ধন্যবাদ জানান এবং বলেন দূর্গম এলাকায় সাহায্য পাঠানোর ব্যাপার হচ্ছে আসল চ্যালেঞ্জ। এছাড়া ওই দুর্যোগে হতাহতদের সম্মানে তিনদিনের শোকও ঘোষণা করেন তিনি।

শনিবারের ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর এখনও  ৪ থেকে ৫ মাত্রার কম্পন অনুভূত হয় এবং অনেকেই সারা রাত বাইরে শুয়ে কাটাচ্ছেন। কাঠমান্ডুতে  ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা স্টিভ হারম্যান বলেন, রাজধানীতে চলাচল করায় কোনো অসুবিধা হয়নি, তবে বাইরের জায়গাগুলোতে যাওয়া একটা চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

তিনি আরো বলেন, বড় উদ্বেগের বিষয় হচ্ছে ভুমিকম্পের উতপত্তিস্থলের কাছেই গ্রামগুলো। সেখানে স্থলপথে যাওয়ার উপায় নেই। মঙ্গলবার পাওয়া খবরে জানা গেছে যে দুর্গম ঘোড়াতাবেলা গ্রামে বরফের ধ্বস নামায় আরও আড়াইশ লোক নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।