এখনো আইবুড়ো ফিলিপিনো প্রেসিডেন্ট!


প্রকাশিত: ০৬:৩১ এএম, ২৯ এপ্রিল ২০১৫

বয়স ৫৫ হয়েছে তো কী হয়েছে! সাধ-আহ্লাদ তো থেকে আর কমে যায়নি। তাই সাধের বশেই একের পর এক রঙ্গ করে চলেছেন ফিলিপিনো প্রেসিডেন্ট বেনিনো আকিনো! একটি দুটি নয়, বরং নয় নয় করে ১৮ জন প্রেমিকার সঙ্গ লাভ করে, এখনও আইবুড়ো এই প্রেসিডেন্ট। বিয়ে না করুন, তার নরম-গরম মুচমুচে প্রেমের খবরে দেশের মানুষকে আলোচনার কিছু কম রসদ দেননি।

উনিশটিবার ম্যাট্রিকে ঘায়েল হয়ে শেষে থেমেছিল গঙ্গারাম। প্রেসিডেন্ট বেনিনো আকিনো গঙ্গারাম নন। ম্যাট্রিকেও বসছেন না। তবে পরীক্ষা তো চলছেই। সেই কবে থেকে। ৫৫ বছরের প্রেসিডেন্ট যখন সবে ১৮, তখন থেকেই হত্যে দিয়ে জীবনসঙ্গিনীর খোঁজ শুরু করেন। এ-ও একরকম পরীক্ষা তো বটেই!

ফিলিপিন্সের সব থেকে ক্ষমতাশালী, প্রভাবশালী ব্যক্তির ওপর প্রেমের দেবতা একেবারেই সুপ্রসন্ন নন যা দেখা যাচ্ছে। তার উনিশ নম্বর প্রেমিকা, বর্তমান মিস ফিলিপিন পিয়া উৎজবাখ। ২৫ বছরের আধা ফিলিপিনো, আধা জার্মান এই সুন্দরীর প্রেমে আপাতত হাবুডুবু খাচ্ছেন তার চেয়ে তিরিশ বছরের বড় বেনিনো আকিনো।

ফিলিপিন্সে আপাতত জোর খবর বলতে এটাই। তবে পিয়াই যে দেশের ফার্স্ট লেডি হবেন, এমন দুরাশা করছেন না ফিলিপিন্সবাসী। প্রেসিডেন্টকে তো তারা ভালই চেনেন! সেই ২০১০-এ দেশের শাসনভার পাওয়া ইস্তক অকৃতদার প্রেসিডেন্টের স্ত্রীকে দেখার আশায় আশায় দিন গুনছে তামাম ফিলিপিন্স। তবে তাদের একেবারে আশাহত করেছেন প্রেসিডেন্ট, এমন কথা পরম শত্রুও বলবে না।

পাঁচ বছর আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর পরই ম্যানিলার এক রাজনীতিবিদ সালানি সোলেদাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন বেনিনো আকিনো। তিনিই হবু ফার্স্ট লেডি, প্রায় ধরেই নেওয়া হয়েছিল। তবে দু-বছরের মাথায় সেই সম্পর্কে ইতি টানেন আকিনো। জড়িয়ে পড়েন নিজের ব্যক্তিগত স্টাইলিস্ট লিজ উইয়ের সঙ্গে।

মেরেকেটে কয়েক মাসের সেই সম্পর্ক ভেঙে যায় তৃতীয় জন প্রবেশ করায়। তিনি গ্রেস লি। ফিলিপিন্সের এক সংবাদ চ্যানেলের জনপ্রিয় সঞ্চালক। দুর্ধর্ষ স্মার্ট, আকর্ষণীয় গ্রেসের সঙ্গে আকিনোর জুটিও দিব্যি জমেছিল। তবে টিকল না। প্রায় বছরখানেক ‘বিরহের বেলা’ কাটিয়ে এখন পিয়া উৎজবাখে মজেছেন। তাদের প্রেম নিয়ে লেটেস্ট আপডেট দিতে ঝাঁপিয়েছে ফিলিপিন্সের সব সংবাদমাধ্যম।

আকিনোকে নিয়ে উচ্ছ্বসিত তার তরুণী প্রেমিকা পিয়া। জানিয়েছেন, ‘ও এত মজা করে কথা বলে না! কীভাবে সময় কেটে যায়, বুঝতেই পারি না!’ আকিনো নিজে তার নতুন সম্পর্ক নিয়ে কিছুই বলছেন না। সদ্য প্রেমে পড়া লাজুক কিশোরের মতো মুচকি হাসছেন। পিয়াকে নিয়ে কোথায় ডেটে যান, তা তো কিছুতেই বলছেন না। তার শুধু এক কথা, ‘সিক্রেট, টপ সিক্রেট!’

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।