মোহাম্মদ বিন নায়েফ সৌদির নতুন উত্তরাধিকারী
সৌদি বাদশাহ সালমান স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফকে সৌদি সিংহাসনের নতুন উত্তরাধিকারী ঘোষণা করেছেন। এক ডিক্রিতে যুবরাজ মোকরিন বিন আবদুল আজিজ বিন সৌদকে বরখাস্ত ও নতুন উত্তরাধিকারীর নাম ঘোষণা করা হলো।
বুধবার সকালে এ সংক্রান্ত একটি আদেশ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। যুবরাজ মোকরিন বাদশাহ সালমানের উত্তরাধিকারী ছিলেন। এছাড়া মোকরিনকে ডেপুটি প্রধানমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে।
ডিক্রিতে নায়েফকে বাদশাহ সালমানের উত্তরাধিকারী ঘোষণার পাশাপাশি ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্বও দেয়া হয়েছে। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদের প্রধানের দায়িত্বও পালন করবেন।
মোকরিনকে সরিয়ে দেয়ার মধ্য দিয়ে বাদশা আবদুল্লাহর আমলের উচ্চপদস্থ আর কোনো কর্মকর্তাই অবশিষ্ট রইল না।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বাদশা আবদুল্লাহ ৭৯ বছর বয়সে মারা যান। মোকরিন (৬৯) সৌদি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সৌদের সর্বশেষ পুত্র।
বিএ/এমএস