পাঁচ ডজন কলা খাইয়ে চোরের পেট থেকে গহনা উদ্ধার!


প্রকাশিত: ০৯:৩১ এএম, ০১ মে ২০১৫

ভারতে একজন সন্দেহভাজন চোরকে জোর করে ৬০টি কলা এবং বিশেষ পানীয় খাওয়ানোর পর তার পেটে আটকে থাকা সোনার গহনা মলের সঙ্গে বেরিয়ে আসে। গত সোমবার অনিল যাদব একজন মহিলার গলা থেকে ৬৩ হাজার রুপি দামের মালা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

মুম্বাইয়ের এক হাসপাতালে মি. যাদবের শরীর এক্স-রে মেশিন দিয়ে স্ক্যান করলে তার পেটে গহনাটি আটকে থাকতে দেখা যায়। হাসপাতালে ডাক্তাররা অনিল যাদবকে চারবার ‘এনেমা’ দেন; অর্থাৎ তার বায়ুদেশ দিয়ে সিরিঞ্জের মাধ্যমে বিশেষ তরল পদার্থ তার পেটে দেওয়া হয়।

তবে গহনার মালিক এখন বলছেন তিনি এই গহনা আর ব্যবহার করবেন না। রাজাশ্রী মায়াকার ‘মিড ডে’ পত্রিকার সংবাদদাতা সৌরভ ভাকতানিয়াকে জানিয়েছেন, তিনি মালাটা সোনার দোকানে নিয়ে যাবেন, এবং সেটা গলিয়ে নতুন গহনা তৈরি করতে বলবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, বৃহস্পতিবার সকালে মলত্যাগের সময় গহনাটি মি. যাদব এর শরীর থেকে বেরিয়ে আসে। এই কাজ সম্ভব করার জন্য তাকে কলা, দুধ এবং এন্টাসিড খাওয়ানো হয়েছিল। ডাক্তাররা বলেন, মালার সঙ্গে বড় আকারের একটি লকেট থাকায় সেটা আটকে যাচ্ছিলো, এবং পুরোপুরি বের হতে অনেক সময় লাগে।

মুম্বাই পুলিশ বিবিসিকে জানায়, ৩০-বছর বয়স্ক মি. যাদব শহরের সিওন এলাকায় ৫২ বছর বয়স্ক মিসেস মায়াকারের গলা থেকে ২৫ গ্রাম ওজনের মালাটি ছিনিয়ে নেয়।

এলাকার লোকজন এবং পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে। কয়েকজন ধাওয়াকারী পরে বলেন যে মি. যাদব আটক হওয়ার সময় মালাটি গিলে ফেলেছেন। তখন তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করা হয়।

তবে কিছু ডাক্তার বলেছেন জোর করে মলত্যাগের জন্য কলা না ব্যবহার করে ওষুধ ব্যবহার করা উচিত ছিল। তাতে কাজটা আরও দ্রুত এবং সহজ হতো।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।