পশ্চিমা ৭ গুপ্তচরকে বহিষ্কার করেছে রুশপন্থিরা
রুশপন্থি অস্ত্রধারীরা ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আমেরিকা ও ইউরোপের সাত এনজিও কর্মীকে বহিষ্কার করেছে। রুশপন্থিদের পক্ষ থেকে স্বঘোষিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই সাত পশ্চিমা নাগরিক বেসরকারি সংস্থা আইআরসিতে কাজ করতেন। বিবৃতিতে বলা হয়েছে, আইআরসির কর্মীরা গত কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনে সন্দেহজনক তৎপরতা চালাচ্ছিল।
রুশপন্থি অস্ত্রধারীরা জানিয়েছে, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর এসব নাগরিক বৈধ অনুমোদন ছাড়াই এনজিও তৎপরতা চালাচ্ছিল। সেইসঙ্গে তারা গোপন তথ্য হায়ে নেয়ার জন্য মস্কোপন্থি লোকদের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিল। এ ছাড়া, তারা রুশপন্থিদের উপস্থিতির ব্যাপারে সাধারণ জনগণকে প্রশ্ন করে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিল।
বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনে এনজিও’টির তৎপরতা বন্ধ করে দেয়ার পাশাপাশি এর সদস্যদেরকে কিয়েভের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের জনগণ রুশ ভাষায় কথা বলেন। এই দুই অঞ্চলে গত বছরের এপ্রিল থেকে পাশ্চাত্যপন্থী ইউক্রেনের সেনাবাহিনী এবং রুশপন্থি অস্ত্রধারীদের সংঘর্ষ চলছে।
গত ফেব্রুয়ারিতে দু’পক্ষ মিনস্কে এক যুদ্ধবিরতি চুক্তি সই করলেও সংঘর্ষ থামেনি। জাতিসংঘের তথ্যমতে, ইউক্রেন সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৬,০০০ মানুষ নিহত এবং ১৫ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন।
বিএ/আরআই