নেপালে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০২:১৬ পিএম, ০২ মে ২০১৫

মহামারীর আশঙ্কায় মাংস বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল সরকার। শনিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। কোনও ধরনের মাংসই বিক্রি করা যাবে না।

গত সপ্তাহে ভূমিকম্পের কারণে বিপর্যয় নেমে আসে নেপালে। গত কয়েক দশকে এত বড় ভূমিকম্প হয়নি। এতো ক্ষয়ক্ষতিও হয়নি। ধ্বংস হয়ে যায় ঐতিহাসিক অনেক নিদর্শন। রাজধানী কাঠমান্ডু, গোরখা জেলা ধ্বংসস্তূপে পরিণত হয়। এখন পর্যন্ত সরকারিভাবে সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন এই ভূমিকম্পে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৯। সেই দুর্যোগ কাটিয়ে ক্রমে স্বাভাবিক হচ্ছে নেপাল।

নেপাল সরকারের ধারণা, এই বিপর্যয়ের মধ্যে মাংস থেকে নতুন কোনো বিপত্তি তৈরি হতে পারে। পেটের গণ্ডগোল বা এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে, তা সামলাতে হিমশিম খেতে হবে। তাই দেশের কষাইখানাগুলোকে এই দুর্যোগের মধ্যে মাংসের জন্য পশুপাখি জবাই না-করতে নিষেধ করেছে নেপাল সরকার।

কাঠমান্ডু জেলা প্রশাসেনর প্রধান নারায়ণ এরিয়াল জানান, নেপালের কয়েক লক্ষ মানুষ ঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে রয়েছনি। এই অবস্থায় এমনিতেই শৌচাগার নিয়ে বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে প্রশাসনকে।

তার মধ্যে মাংস থেকে বিষক্রিয়া বা পেটের কোনো গণ্ডগোল হলে, সাধারণ নাগরিকরাই অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়বেন। বাড়াবাড়ি হলে তো কথাই নেই। সবকিছু ভেবেচিন্তেই এই নিষেধাজ্ঞা জারি।

বিএ/আরআইপি                                                  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।