রাহুল গান্ধী ধান ও গমের পার্থক্য বোঝেন না!
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি সাক্ষী মহারাজের পর এবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ভারতের জাতীয় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন। শনিবার মহারাষ্ট্রে কেন্দ্রীয় ক্ষুদ্র শিল্প প্রতিমন্ত্রী গিরিরাজ সিং রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেছেন, ‘উনি ধান এবং গমের মধ্যে পার্থক্যই বোঝেন না। আবহওয়া বোঝেন না, কৃষকদের সমস্যা কী করে বুঝবেন?’
গিরিরাজ সিং বলেন, ‘রাহুল গান্ধীর দু’দিন আগে বিদর্ভে কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করা একটি রাজনৈতিক স্টান্ট মাত্র।’ মন্ত্রী গিরিরাজ সিং দু’দিনের মহারাষ্ট্রের ওয়ারধা জেলা সফরে রয়েছেন।
কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী সম্প্রতি সংসদে কৃষকদের স্বার্থ নিয়ে সরব হয়েছেন। বিভিন্ন রাজ্য সফর করে তিনি কৃষকদের সমস্যা এবং তাদের ফসলের ক্ষয়ক্ষতি জানার চেষ্টা করছেন। কেন্দ্র সরকারের কৃষকদের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে সরব হয়েছেন সংসদে। এরপরেই কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের এমপি এবং মন্ত্রীর পক্ষ থেকে তাকে কটাক্ষ করে বিবৃতি দেয়া হল।
শুক্রবার বিজেপি এমপি সাক্ষী মহারাজ রাহুল গান্ধীকে পাগল আখ্যা দিয়েছেন। তার দাবি, ‘রাহুল গান্ধী তো উন্মাদ হয়ে গেছেন। উনি রাজনীতির অ-আ-ক-খ কিছুই বোঝেন না। কৃষকদের নিয়ে এতো কথা বলছেন, অথচ গম আর ভুট্টার পার্থক্যটাই জানেন না।’
উত্তরপ্রদেশের এক প্রকাশ্য জনসভায় এভাবে সাক্ষী মহারাজ রাহুল গান্ধীর বিরুদ্ধে এমন মন্তব্য করার পরদিনই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রাহুল গান্ধীকে তার `কৃষক দরদ` নিয়ে কটাক্ষ করলেন।
বিএ/আরআইপি