মুবারকের তিন বছরের কারাদণ্ড বহাল
দুর্নীতি মামলায় মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের তিন বছরের কারাদণ্ড বহাল রেখেছেন দেশটির উচ্চ আদালত। শনিবারের এ রায়ে তার দুই ছেলে আলা ও গামালকেও কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেন আদালত। এর আগে সাবেক এ স্বৈরশাসকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলাটি পুনঃবিচারের নির্দেশ দিয়েছিলেন আদালত।
জানা গেছে, প্রেসিডেন্ট প্রাসাদ রক্ষণাবেক্ষণের খাত থেকে এক কোটি ৪০ লাখ ডলার সমপরিমাণ তহবিল তছরুপের অভিযোগে গত মে মাসে মিসরের একটি নিম্ন আদালত মুবারককে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল। একই সঙ্গে তার দুই ছেলেকেও চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।
অপরদিকে, ২০১১ সালে গণ আন্দোলন দমনে মুবারক হত্যার আশ্রয় নিয়েছিলেন বলে যে মামলা করা হয়েছিল মিসরের অন্য একটি আদালত নভেম্বর মাসে তা নাকচ করে দিয়েছে। এই গণআন্দোলনের মধ্য দিয়েই মুবারকের তিন দশকের স্বৈরশাসনের ইতি ঘটেছিল।
মিসরে একনায়কের শাসনের অবসানের পর দেশটির ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মাদ মুরসি।
কিছুদিনের মধ্যেই তৎকালীন সেনাপ্রধান এবং বর্তমান প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি মুরসির পতন ঘটান। সিসি ক্ষমতায় আসার পরই মুবারককে হত্যা মামলাসহ জালিয়াতির মামলা থেকেও মুক্তি দেওয়া হয়।
বিএ/আরআইপি