বেশি বাড়ি ভাড়া নয় : বাড়িওয়ালাদের নেপাল সরকার


প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৯ মে ২০১৫

ভূমিকম্প বিধ্বস্ত নেপালের বর্তমান সঙ্কটে বাড়িওয়ালারা যাতে পরিস্থিতির ফায়দা তুলতে বেশি ভাড়া আদায় না করেন সে ব্যাপারে তাদের সতর্ক করে দিয়েছে নেপাল সরকার। মুনাফার কথা মাথায় রেখে বেশি ভাড়া চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বাড়িওয়ালাদের হুঁশিয়ারি দিয়েছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নেপালের ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য দিয়েছে, গত ২৫ এপ্রিলের ভূমিকম্পে দেশজুড়ে ২ লক্ষ ৮৮ হাজার ৭৯৮টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আড়াই লক্ষের বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই অভূতপূর্ব ট্র্যাজেডির মধ্যে চড়া হারে বাড়িভাড়া চেয়ে বাড়িওয়ালাদের মুনাফা কামানোর চেষ্টা কড়া হাতে আইনের রাস্তায় মোকাবিলা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তাদের বিবৃতিতে বলা হয়েছে, কেউ এই কঠিন পরিস্থিতিতে ভাড়া বাড়িয়ে বেশি পয়সা আদায়ের চেষ্টা করলে যাতে  আইনি ব্যবস্থা নেওয়া হয়, সেই নির্দেশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছে।

এমন বিপর্যয়ের সময় ভাড়া বাড়ানো যে সামাজিক, আইনি দৃষ্টিকোণ ও নৈতিকতার দিক থেকেও অন্যায়, সে কথাও বলা হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, সম্প্রতি রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালের রাজধানী কাঠমান্ডু কার্যত ইট, কাঠ ও সিমেন্টের আবর্জনার স্তূপে পরিণত হয়েছে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।