প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সক্ষম এনডিএ সরকার : মোদি
ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স (এনডিএ) সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদীয় দলের সভায় বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এনডিএ সরকার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মত ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধান করেছে। এতে প্রমাণিত হয়েছে বর্তমান সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে সক্ষম।
বিজেপি’র সংসদীয় দলের সভা শেষে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি সাংবাদিকদের এ ব্যাপারে অবহিত করেন।
তিনি বলেন, সভায় ক্ষমতা গ্রহণের পর গত এক বছরে মোদি সরকারের গৃহীত উদ্যোগসমূহের প্রশংসা করে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়, এসব উদ্যোগ সমাজের গরীব ও দুস্থদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়ক হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ভারতের ভাবমূর্তি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করা হয়। এতে জনগণকে দেয়া এনডিএ সরকারের অঙ্গীকার সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করা হয়।
এসএইচএস/আরআই