ইউক্রেন সংকট : বৈঠকে কেরি-পুতিন


প্রকাশিত: ০৪:০৫ এএম, ১৩ মে ২০১৫

ইউক্রেনের সংকট সমাধানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রথমবারের মতো রাশিয়া সফর করছেন। সফরকালে তিনি মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছেন। ইউক্রেন সংকট সমাধানের জন্য এটিই দুই দেশের সর্ব্বোচ্চ পর্যায়ের বৈঠক। আট ঘণ্টার ওই বৈঠকে উভয় দেশ ইউক্রেন সংকট সমাধানের ক্ষেত্রে সফল বললেও কার্যত তারা কোন সমাধানেই আসতে পারেনি।

কারণ রাশিয়া ইউক্রেনের বিদ্রোহীদের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্টের এই পুরনো অভিযোগটি বারবারই আলোচনায় উঠে আসে। ফলে তারা সংকট সমাধানের বৈঠকে বসে উল্টো বিতর্কে জড়িয়ে পড়েন। তবে উভয় পক্ষই মনে করেন ইউক্রেনে চলমান সংকট কেবল আলোচনার টেবিলেই সমাধান হতে পারে।

উল্লেখ্য, রাশিয়া সমর্থিত বিদ্রোহী ও ইউক্রেনের সরকারী বাহিনীর মধ্যে ২০১৪ সালের এপ্রিলে যে সংঘর্ষ বাধে তাতে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে উল্লেখ করে কেরি বলেন, এই যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইইউ যৌথভাবে একটি সিদ্ধান্তে আসলেও রাশিয়ার অসম্মতির কারণেই তা ছিটে ফোটাও বাস্তবায়ন করা যাচ্ছে না।

কেরি আরো বলেন, ইউক্রেন সংকট সমাধান করা রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্যেই ভাল। এটা রাশিয়াকে অনুভব করতে হবে। তা না হলে কোন দিনই এটা সমাধানের মুখ দেখবে না। এর জন্য যুক্তরাষ্ট্র সব সময় যে কোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

 

আলোচনা চার ঘণ্টা অতিবাহিত হওয়ার পর কেরি এক পর্যায়ে রাশিয়ার নিষিদ্ধ সমুদ্র সৈকত ‌‌`সুচি` এবং ইরান, সিরিয়া, লাইবেরিয়া এবং ইয়েমন প্রসঙ্গ তোলেন।

এসময় কেরি বলেন, এ সমস্ত সমস্যা সমাধান হলেই কেবলমাত্র উন্মক্ত যোগাযোগের মাধ্যমে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হতে পারে। এ জন্য জরুরী সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে রাশিয়ার সরাসরি ভূমিকা থাকতে হবে।

জেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।