ফুরিয়ে আসছে ভারতের গোলাবারুদ
কাশ্মীর সমস্যা নিয়ে প্রতিবেশি দেশ পাকিস্তানের আক্রমণ মোকাবেলায় সব সময়ই প্রস্তুত থাকতে হয় ভারতীয় সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে গোলাবারুদের সংকটে পড়েছে ভারত। সংকট এতটাই গুরুতর যে, দেশটি ১৫-২০ দিনের বেশি কোন যুদ্ধ করতে পারবে না। এ অবস্থায় সমালোচকেরা দেশটির সেনাবাহিনীকে নিধিরাম বলতেও ছাড়ছে না।
শুক্রবার ভারতের পার্লামেন্টে এমনই এক ভয়ংকর তথ্য দাখিল করেছে দেশটির মহাহিসাব নিরীক্ষক (সিএজি)। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর ভাণ্ডারে বিভিন্ন ধরনের যেসব গোলাবারুদ আছে, তা ২০ দিনের যুদ্ধের জন্যও যথেষ্ট নয়। সামরিক বাহিনীতে গোলাবারুদের এই হতাশাজনক ব্যবস্থাপনার জন্য দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতর ও বিভাগের সমালোচনা করেছে সিএজি।
অন্তত ৪০ দিন প্রচণ্ড যুদ্ধ চালানোর মতো গোলাবারুদ মজুত রাখার একটি নিয়ম সামরিক বাহিনীতে আছে। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে সিএজি বলেন, ভারতের সামরিক বাহিনীর ভাণ্ডারে বিভিন্ন ধরনের যেসব গোলাবারুদ মজুত আছে, তার ৫০ শতাংশ ১০ দিনেই শেষ হয়ে যাবে।
২০১২ সালে ভারতীয় সেনাবাহিনী লক্ষ্য ঠিক করে, ২০১৫ সালের মার্চের মধ্যে অন্তত ২০ দিন যুদ্ধ করার মতো গোলাবারুদ মজুত করা হবে। ২০১৯ সালের মধ্যে ৪০ দিন যুদ্ধ করার মতো গোলাবারুদ মজুত করা হবে। কিন্তু সিএজি বলছে, লক্ষ্যের ধারেকাছেও পৌঁছানো যায়নি। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত গোলাবারুদ মজুত-পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। সামনে যে সময় আছে, এর মধ্যে লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে মনে হয় না।
জেআর/এমএস