পাকিস্তানে বাসে বন্দুকধারীদের গুলি : নিহত ৪৩
পাকিস্তানের করাচীতে একটি বাসে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। বুধবার সকালে ইসমাইলিয়া শিয়া মুসলিমদের বহনকারী ওই বাসটি থামিয়ে বন্দুকধারীরা যাত্রীদের লক্ষ্য করে গুলি করে। খবর ডন নিউজ।
পুলিশ জানিয়েছে, কমপক্ষে ছয়জন হামলাকারী মটরসাইকেলে করে এসে বাসটিতে হামলা চালায়। করাচীর পুলিশের মুখপাত্র আতিক শেখ জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৩ জন।
এএফপির খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা প্রথমে বাস থামিয়ে পাশ থেকে গুলি করে। পরে বাসের ভেতরে উঠে নির্বিচারে গুলি করতে থাকে। বাস থেকে নেমে যাওয়ার আগে বন্দুকধারীরা পরীক্ষা করে দেখে সবাই আহত হয়েছে কি না।
এখন পর্যন্ত কোন গ্রুপ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। প্রসঙ্গত, পাকিস্তানে প্রায়ই সংখ্যালঘু শিয়া মুসলিমরা সুন্নি জঙ্গিদের হামলার শিকার হয়ে থাকে।
এআরএস/আরআইপি