গাঁজার ব্যবহার বৈধ করা উচিত!


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৩ মে ২০১৫

যুক্তরাষ্ট্র এবং আশপাশের দেশগুলোতে গাঁজার ব্যবহার আইনগতভাবে বৈধ করে দেয়া উচিত বলে মনে করেন মার্কিন অভিনেতা মরগ্যান ফ্রিম্যান। ২০০৮ সালে এক গাড়ি দুর্ঘটনায় আহত হবার পর থেকে চিকিৎসকের পরামর্শে ওষুধ হিসেবে গাঁজা সেবন করছেন ফ্রিম্যান। আর গাঁজার উপকারিতা সম্পর্কে ভালোভাবে জানার পর এটির আইনি বৈধতা জরুরি বলে মনে করছেন তিনি।

৭৭ বছর বয়সী এই অভিনেতা বলেন, দুর্ঘটনার পর থেকে আমার এক হাতে মারাত্মক ব্যাথা হয়। আর যখন ব্যাথার প্রকোপ বাড়ে, তখন একটি জিনিসই আমাকে স্বস্তি দিতে পারে, তা হলো গাঁজা।

২০০৮ সালের দুর্ঘটনায় বাম হাতে আঘাত পান ফ্রিম্যান। চার ঘণ্টা অস্ত্রোপচার চালানো হয় তার হাতে। কিন্তু এখনো সেই হাতে ঠিক মতো জোর পান না এ অভিনেতা।

ফ্রিম্যান আরো বলেন, গ্র্যান্ড ম্যাল সিজারের মতো মস্তিষ্কের সমস্যায় ভোগে অনেকেই। এতে অসাড় হয়ে যায় সমস্ত শরীর। গাঁজা সেবনের মাধ্যমে এ রোগে আক্রান্ত মানুষেরা স্বাভাবিক জীবন কাটাতে পারেন।

এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, অরিগন, কলোরাডো এবং আলাস্কা এ চারটি অঙ্গরাজ্যে গাঁজাকে বৈধতা দেওয়া হয়েছে। তবে বাকি ১২টি রাজ্যে এখনো নিষিদ্ধ রয়েছে মাদকদ্রব্যটি।

এসকেডি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।