সৌদিতে ৩ ইয়েমেন নাগরিকের শিরচ্ছেদ
মাদক পাচারের দায়ে বুধবার ইয়েমেনি তিন নাগরিকের শিরচ্ছেদ করেছে সৌদি আরব। এ নিয়ে দেশটিতে গত চার মাসের কিছু বেশি সময়ে মোট শিরচ্ছেদের সংখ্যা দাঁড়াল ৮৩। গত বছর দেশটিতে মোট ৮৭ জনের শিরচ্ছেদ করা হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের ভেতর গাঁজা চোরাচালানের চেষ্টার দায়ে ইয়েমেনি নাগরিক ঈসা আলী আহমদ হাজরি, মোহাম্মদ আলী সাইফি ও মজিদ জসিম আল-আহদাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। ইয়েমেন সীমান্তবর্তী জাহান জেলায় এদের শিরচ্ছেদ করা হয়।
মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা সত্ত্বেও সৌদি আরব অপরাধ প্রতিরোধে নিরুৎসাহের যুক্তিতে মৃত্যুদণ্ড দিয়ে থাকে।
লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসেব মতে সৌদি আরব ২০১৪ সালে মৃত্যুদণ্ড কার্যকরকারী শীর্ষ তিন দেশের অন্যতম।
একে/আরআইপি