বুরুন্ডি সংকট নিয়ে সম্মেলনে বসছেন পূর্ব আফ্রিকার নেতারা


প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৩ মে ২০১৫

বুরুন্ডিতে গত কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতা বন্ধে একটি চুক্তির লক্ষ্যে এক সংকটকালীন সম্মেলনে বসতে যাচ্ছেন পূর্ব আফ্রিকার নেতারা। এ লক্ষ্যে বুধবার জড়ো হন তারা।

দেশটিতে বর্তমান প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোকে কেন্দ্র করে এ সহিংসতা চলছে।

কেনিয়া, রুয়ান্ডা, তাঞ্জানিয়া, উগান্ডা ও বুরুন্ডি নিয়ে গঠিত পূর্ব আফ্রিকান কমিউনিটি (ইএসি)’র নেতারা বুধবার বিকেলের দিকে প্রেসিডেন্ট পর্যায়ের এ সম্মেলনে বসছেন। এর আগে মঙ্গলবার তাঞ্জানিয়ার দার-এস-সালামে ইএসি’র পররাষ্ট্র মন্ত্রীরা বৈঠক করেন বলে কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রী আমিনা মোহামেদ জানান।

বুরুন্ডির ক্ষমতাসীন দল প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজাকে পুনরায় নির্বাচনে দাঁড়ানোর জন্য মনোনয়ন দিলে এপ্রিলের শেষ দিকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত ২০ জন নিহত ও আরো অনেকে আহত হন। বুরুন্ডির প্রেসিডেন্ট কার্যালয় বুধবার নিশ্চিত করেছে, নকুরুনজিজা দার-এস-সালামের পথে রয়েছেন।

সাবেক হুতু বিদ্রোহী নেতা নকুরুনজিজা ২০০৫ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। দেশটিতে হুতুরা সংখ্যাগরিষ্ঠ। আগামী ২৬ জুন সেখানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়াতে এবং পদত্যাগ করতে নকুরুনজিজার ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে।

নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ফলে মধ্য আফ্রিকার এ দেশে ফের সহিংসতা ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে। দেশটিতে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে ২০০৬ সালে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জোসেফ কাবিলা, দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট সাইরিল রামাপোসা ও আফ্রিকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড সম্মেলনে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। বুরুন্ডিতে অস্থিরতা শুরুর পর প্রায় ৫০ হাজার লোক পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন।

দুই মেয়াদের বেশি নির্বাচনে থাকা অসাংবিধানিক বিরোধীরা জোর দিয়ে বলেছেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।