সামাজিক যোগাযোগে নজরদারি বাড়াতে ল্যাবরেটরি স্থাপন
সামাজিক যোগাযোগ মাধ্যম (অনলাইন) ওপর নজরদারি বাড়াতে ভারতের উত্তরপ্রদেশে বসানো হচ্ছে আরো দুটি ল্যাবরেটরি। সামাজিক যোগাযোগের হাত থেকে আইন এবং প্রশাসনকে সুরক্ষিত রাখার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ভারতীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা যায়, এই দুটি ল্যাবরেটরির মাধ্যমে রাজ্যের সামাজিক যোগাযোগ মধ্যমে কোথায় কি ঘটছে তার উপর নজর রাখবে উত্তরপ্রদেশের পুলিশ।
বুধবার রাজ্যের এডিজি অনিল অগ্রবাল বলেন, উত্তরপ্রদেশ সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমকে নজরে রাখার জন্য ল্যাবরেটরি বসানোর পরিকল্পনা মঞ্জুর করেছে। প্রাথমিক পর্যায়ে লক্ষ্ণৌ এবং মারাঠে দু’টি ল্যাবরেটরি তৈরি হচ্ছে। দ্রুত গতিতে কাজ চলছে, আশা করা যায় দু`মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে।
তিনি জানান, যেসব অফিসার এবং সাব-ইনস্পেক্টররা এই ল্যাবরেটরিতে কাজ করবেন, তাদের ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ ইনফরমেশন টেকনোলজি থেকে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনিল অগ্রবাল সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম খুব অল্প সময়ের মধ্যেই জনমতকে প্রভাবিত করে। তাই আমাদের এটা জানা দরকার, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাজ্যের কোথায় কি ঘটতে চলেছে, নইলে আইনকানুন বলে তো আর কিছু থাকবে না।
উত্তরপ্রদেশ পুলিশের নজরদারির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর আওতায় থাকছে- ফেসবুক, হোয়াটস্অ্যাপ এবং টুইটার। সরাসরি কোনো পোস্ট ব্লক করার ক্ষমতা এই ল্যাবরেটরিগুলোর থাকছে না। তবে কোনো পোস্ট সমাজের পক্ষে ক্ষতিকর মনে হলে সেই ব্যক্তির বিরুদ্ধে উচিত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন।
শুধু ব্যক্তি বিশেষই নয়, কোন পোস্টে কারা মন্তব্য করছেন বা কোন কোন পোস্ট কারা শেয়ার করছেন, সেটাও নজরে রাখবে এই ল্যাবরেটরিগুলো।
এসকেডি/আরএস/আরআই