চীন সফর নিয়ে আশাবাদী মোদি


প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৩ মে ২০১৫

তিনদিনের সফরে বৃহস্পতিবার চীন যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এ সফর নিয়ে বেশ আশাবাদী তিনি। এশিয়ার সব দেশের কাছেই তার সফর ঐতিহাসিক বিবেচিত হবে বলে আশা প্রকাশ করেন মোদি।
প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম চীন সফরে যাচ্ছেন মোদি।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সফরে প্রথমেই তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্মস্থান প্রাচীন শি’আন শহরে যাবেন এবং সেখানেই তার সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক মহলের মতে, এটা মোদির পাল্টা সৌজন্য। গত বছর সেপ্টেম্বর মাসে ভারত সফরে এসে প্রোটোকল ভেঙে মোদির শহর আমদাবাদেই প্রথম বৈঠক করেছিলেন শি জিনপিং।

সফরের আগের দিন বুধবার মোদি জানান- তিনি চীন সফর নিয়ে ভীষণ আশাবাদী। তিনি বলেন, ‘আমি চীন সফরের দিকে উদগ্রীব হয়ে তাকিয়ে রয়েছি। এশিয়ার জন্যই একবিংশ শতাব্দী চিহ্নিত হয়ে থাকবে।’

মোদি আরও জানান, এই সফরের মাধ্যমে ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং তা এশিয়া ও অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রগুলির জন্য ঐতিহাসিক হয়ে থাকবে।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা বলতে গিয়ে মোদি জানান, গত এক বছরে শি জিনপিংয়ের সঙ্গে তার তিনবার সাক্ষাৎ হয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘দারিদ্র্য দূরীকরণ-সহ উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করার দায়িত্ব ভাগাভাগি করা নিয়ে আমাদের কথা হয়েছে।’

বস্তুত, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বাদ দিয়ে নরেন্দ্র মোদিই একমাত্র রাষ্ট্রনেতা যার সঙ্গে হাঁটতে হাঁটতে একান্ত বৈঠক সেরেছেন চীনা প্রেসিডেন্ট।

এদিকে নিজের সফরের বেশ কয়েকদিন আগে থেকেই প্রতিনিয়ত চীনা ভাষায় নিজের বক্তব্য পেশ করে চলেছেন নরেন্দ্র মোদি। চীনা সংবাদমাধ্যমকে পাশে পাওয়াই এর লক্ষ্য।

এসএইচএস/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।