নেপালে নদীর প্রবাহ বন্ধ হয়ে বন্যার আশঙ্কা
নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার দিবাগত রাতে ভূমিধসের কারণে মাগদি জেলায় কালী গন্ডাকি নদীর পানি প্রায় ২শ’ মিটার বৃদ্ধি পেয়েছে। যার কারণে একটি বড় ধরনের বন্যার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ।
এ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লক্ষী প্রসাদ ধাকাল বলেন, ‘ যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নদী সংলগ্ন জেলাগুলোর বাসিন্দাদের আমরা নিরাপদ স্থানে সরে যাওয়া আহবান জানিয়েছি।’
তিনি বলেন, এ এলাকায় নেপালের অন্যতম বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র ঝুঁকির মুখে পড়তে পারে। সেনাবাহিনী হেলিকপ্টারে করে ওই এলাকার ওপর নজর রাখছে এবং হ্রদ থেকে পানি সরিয়ে দিতে সেনা সদস্যরা ওই এলাকায় গেছে।
কর্তৃপক্ষ বলেছে, পানি বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায় বন্যার ঝুঁকি রয়েছে। কালী গন্ডাকি নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গায় মিলিত হয়েছে।
জানা যায়, রাজধানী কাঠমান্ডুর ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমের মাগদি জেলায় কালী গন্ডাকি নদীতে ভূমিধসের কারণে একটি গভীর ও নতুন হ্রদের সৃষ্টি হয়েছে। তবে ভূমিধসে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের সহায়তা করতে সেনাসদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
গত ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৮ হাজারেরও বেশি লোক নিহত হয় ও অসংখ্য লোক আহত হয়। ভূমিকম্পের পর দেশটিতে বেশ কয়েকটি ভূমিধস হয়েছে। এরপর গত ১২ মে ৭ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে এবং বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়।
এসকেডি/আরআই