তীব্র তাপদাহে ভারতে ৩৩৫ জনের মৃত্যু
অসহনীয় তাপদাহে গত কয়েকদিনে ভারতের বিভিন্ন স্থানে ৩৩৫ জনের প্রাণহানি হয়েছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। জানা গেছে, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যেই গত তিন দিনে তীব্র তাপদাহে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
এর মধ্যে শুক্রবার শতাধিক এবং শনিবার ১৩৫ জন মারা গেছেন। এ দুই রাজ্যের বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা এখন ৪৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
রোববার স্থানীয় আবহাওয়া অধিদফতর জানায়, তাপমাত্রা অতীতের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে। বাড়তে পারে আশঙ্কাজনক হারে প্রাণহানি।
তেলেঙ্গানার স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বলেন, তাপদাহের কারণে বিভিন্ন এলাকা থেকে হিটস্ট্রোকসহ নানা রোগে আক্রান্ত লোকজনের ঢল নেমেছে রাজ্যের হাসপাতালগুলোতে।
এসকেডি/বিএ/আরআইপি