যোগাসন শেখাবেন নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসেই দেশটির রাজধানীতে প্রকাশ্য যোগাসন সমাবেশে অংশ নেবেন। আগামী ২১ জুন দিল্লিতে এই যোগাসন সমাবেশ আয়োজিত হবে। আন্তর্জাতিক স্তরে যোগাসনকে আরো ব্যাপ্ত করতেই প্রধানমন্ত্রীর এই নয়া উদ্যোগ।
২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। মোদি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম বিশ্বজুড়ে যোগ দিবস পালিত হতে যাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেন মোদি। সেদিন মোদি বলেছিলেন, যোগ মানুষের অন্তরাত্মাকে জাগিয়ে তোলে। নিজেকে আবিষ্কার করতে শেখায়। প্রকৃতি ও বিশ্বের সঙ্গে মানুষের নিবিড় যোগাযোগ গড়ে তোলে।
মোদি নিজেও যোগ নিয়ে যথেষ্ট উৎসাহী। লোকসভা ভোটে টান টান উত্তেজনার মধ্যে মন শান্ত রাখতে মোদির প্রথম পছন্দই ছিল যোগাসন। সেই নভেম্বরেই মোদি দেশে প্রথমবার একজন মন্ত্রীকে যোগাসন ও আয়ুর্বেদ নিয়ে প্রচারের বিশেষ ভার দেন। পাশাপাশি সরকারি কর্মীদেরও পরামর্শ দেন নিয়মিত যোগাভ্যাস করতে।
এদিকে ২১ জুন মোদির সভা উপলক্ষে ঢেলে সাজা হচ্ছে ভারতের রাজধানীকে। অনুষ্ঠানের দিন রাজধানীর যোগোৎসাহীদের সামাল দিতে পুলিশ বিশেষ কর্ডনের বন্দোবস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেটের সংযোগকারী রাস্তায় হবে এই অনুষ্ঠান।
আরএস/আরআইপি