অভিবাসীদের ভাগ্য নির্ধারণের বৈঠক চলছে
একদিকে মানবিক বিপর্যয়, অন্যদিকে অভিবাসীদের আশ্রয় দিতে উপকূলীয় দেশগুলোর অনীহা সবমিলিয়ে এ সংকট সমাধানের পথ খুঁজতে সম্মেলনে বসেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্ধারক দেশগুলো। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনে ১৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকা ও জাপানের প্রতিনিধি ও জাতিসংঘের কয়েকটি সংস্থা অংশ নিয়েছে। এছাড়া বৈঠকে জাতিসংঘ শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরাও রয়েছেন।
এ সম্মেলনে ব্যাংককের পক্ষ থেকে এই সংকট সমাধানে একটি সহায়তা তহবিলের ঘোষণা আসতে পারে। আবার মিয়ানমারকে রোহিঙ্গা ইস্যুতে চাপ দেওয়া হতে পারে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন এ বৈঠকের দিকে। রোহিঙ্গা আশ্রয়ণের জন্য অবশ্য বৃহস্পতিবারই ইন্দোনেশিয়াকে ৫০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কাতার।
এদিকে, বৃহস্পতিবার মালয়েশিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনাইদি তুয়ানকু জাফর জানিয়েছেন, মালয়েশিয়ার জঙ্গলে আবিষ্কৃত ১৩৯টি কবরে যে দেহাবশেষ পাওয়া গেছে সেগুলো মুসলিম রীতি মেনেই দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত ওই কবরগুলো থেকে ১৩টি দেহাবশেষ উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ। ধারণা করা হচ্ছে ১৩৯টি কবরে অন্তত ১৩৯টি দেহাবশেষ থাকতে পারে।
বিএ/এমএস