ভূমধ্যসাগরে ১৭ মরদেহসহ ৪২০০ অভিবাসী উদ্ধার


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ৩০ মে ২০১৫

ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টাকালে ১৭ জনের মরদেহ সহ ২০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে উল্লেখ করে শুক্রবার ইতালির কোস্টগার্ড পরিচালিত এক অভিযানে তাদের উদ্ধার করা হয়।

এএফপি জানায়, গত ২৪ ঘণ্টায় যে সংখ্যক অভিবাসী উদ্ধার করা হয়েছে তা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। তবে এটা রেকর্ড সংখ্যক কিনা তা কোস্টগার্ড নিশ্চিত করতে পারেনি। এর আগে গত ১২ এপ্রিল তিন হাজার ৭৯১ অভিবাসী এবং ২ মে তিন হাজার ৬৯০ অভিবাসীকে উদ্ধার করা হয়।

ইতালির নৌবাহিনী টুইটারে জানায়, তিনটি নৌযান থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি দেশটির নৌবাহিনী। ওই নৌযানগুলো থেকে ৩ শতাধিক অভিবাসীকেও জীবিত উদ্ধার করা হয়েছে।

ইতালি, জার্মানি ও আয়ারল্যান্ড নৌবাহিনীর জাহাজের সহায়তায় ইতালির কোস্টগার্ড শুক্রবারের ওই উদ্ধার অভিযান পরিচালনা করে।

এর আগে গত বৃহস্পতিবার একই ধরণের আন্তর্জাতিক সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল। সে সময় সিসিলি উপকূল থেকে ৭ শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল। তারা ছয়টি নৌকায় লিবিয়া থেকে যাত্রা করেছিল।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৪০ হাজার ৪শ’র বেশি অভিবাসী ইতালি এসে পৌঁছেছে। সংঘাত ও দারিদ্র্যের জন্য সিরিয়া ও ইরিত্রিয়ার মত দেশগুলো থেকে তাদের অনেকে পালিয়ে এসেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএ)’র তথ্য অনুযায়ী, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজার ৭৭০ জন মারা গেছে। তবে এর মধ্যে শুক্রবারের সংখ্যা অন্তর্ভূক্ত নয়।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।