খুলে দেয়া হলো নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
মর্কিন যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী ভবন নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে নিউইয়র্ক নগরের সৌন্দর্য দেখার সুযোগ করে দেওয়া হয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্য। শুক্রবার গগনচুম্বী এ টাওয়ারের অবজারভেশন ডেক দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ধসে পড়া টুইন টাওয়ারের জায়গায় নির্মাণ করা হয়েছে দর্শনীয় এ গ্লাস টাওয়ার। এটা পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ টাওয়ার।
শুক্রবার সকালে ফিতা কেটে উদ্বোধনের পর দর্শণার্থীরা এ টাওয়ারের অবজারভেশন ডেকে নগরীর অনুপম সৌন্দর্য দেখার জন্য জড়ো হন। ভবনটির ১০০, ১০১ ও ১০২ তলা থেকে দর্শনার্থীরা নিউইয়র্ক নগরের নিসর্গ দেখতে পারবেন।
বছরে ৩০ থেকে ৪০ লাখ দর্শণার্থী এখানে আসবেন বলে ধারণা করা হচ্ছে। দর্শণার্থীরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে নগরীর দৃশ্য দেখতে পাবেন। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফ্রিডম টাওয়ার নামেও পরিচিত। এ টাওয়ার যারা ভাড়া নিয়েছিলেন গত বছর কেবল তারাই চূড়া থেকে নগরীর সৌন্দর্য দেখতে পেতেন। তবে শুক্রবার তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
অবজারভেশন ডেক থেকে স্ট্যাচু অব লিবার্টি, সেন্ট্রাল পার্ক, ব্রুকলিন ব্রিজ ও পার্শ্ববর্তী নিউজার্সি প্রত্যক্ষ করা যাবে। রৌদ্রকরোজ্জ্বল দিনে নগরীর ৫০ মাইল পর্যন্ত সৌন্দর্য দেখা যাবে। তবে প্রাপ্ত বয়স্কদের জন্য ৩২ ডলার ও ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৬ ডলারে প্রতিটি টিকিট কিনতে হবে দর্শনার্থীদের। অবজারভেশন ডেক সপ্তাহে সাতদিন খোলা থাকবে।
টাওয়ারের প্রবেশদ্বারের বাইরে আমেরিকার পতাকা নিয়ে ছবি তোলেন মার্কিন সাবেক সেনা মাইকেল ল্যানজা। তিনি বলেন, এটা আমেরিকার স্থায়িত্বের প্রতীক। আমাদের ওপর শয়তানরা যতোই আঘাত করুক না কেন তা কোনো ব্যাপার না। আমরা সব সময় ফিরে আসবো। আমি সব সময় জয়ী হবো। তিনি বলেন, আমি তিন বছর সেনাবাহিনীতে ছিলাম। আমি আমার দেশকে ভালোবাসি।
অবজারভেশন ডেক খুলে দেয়ার পর প্রথম যে কয়জন সেখানে যান তার মধ্যে ছিলেন জিম ভার্মার। তিনি বলেন, অসাধারণ দেখতে বাইরের দৃশ্যগুলো।
বিএ/আরআইপি