রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ মিয়ানমারের প্রত্যাখ্যান
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। রোববার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, সরকার রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের মতো ভারসাম্যহীন ও নেতিবাচক মন্তব্য প্রত্যাখ্যান করছে মিয়ানমার সরকার।
জানা গেছে, কয়েকদিন আগে একদল নোবেলবিজয়ী এক বিবৃতিতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো অত্যাচার গণহত্যার চেয়ে কম নয় বলে উল্লেখ করে। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ডেসমন্ড টুটু, ইরানের শিরিন এবাদি ও পূর্ব তিমুরের সাবেক প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা রয়েছেন।
নোবেলবিজয়ীদের বিবৃতির পরিপ্রেক্ষিতে মিয়ানমার সরকারের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দেওয়া হলো। বিবৃতিতে আরও বলা হয়েছে, একচোখা হয়ে এ ধরনের মন্তব্য করা হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারে বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলিম রয়েছে। দেশটির বাইরে রয়েছে আরও প্রায় ১০ রোহিঙ্গা। দেশটির সরকার হাজার বছর ধরে বসবাস করে আসা রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে না। তাদের বাঙালি হিসেবে আখ্যায়িত করে।
সম্প্রতি আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে মানবপাচারকারীদের নৌকায় ভাসমান অবস্থায় কয়েক হাজার রোহিঙ্গা এবং বাংলাদেশীর সন্ধান পাওয়া যায়। এ ছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিদেশ গমনেচ্ছুদের নির্যাতন শিবির এবং লাশ পাওয়ার ঘটনায় রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি আবারও উঠে এসেছে।
এএইচ/এমএস