টসে জিতেই চেয়ারম্যান!
প্রতিদ্বন্দ্বী না থাকলে সিলেকাশানেই বিজয়ী নির্বাচিত হন প্রার্থীরা। কিন্তু সেটা যদি হয় টসে জিতে তবে কেমন হবে ব্যাপারটা? হ্যাঁ, এই অভিনব পদ্ধতিতেই একজন প্রার্থী জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন ভারতের কর্নাটক প্রদেশে! আর সেটি ঘটেছে গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে।
শুক্রবার কর্নাটকের কপ্পাল তালুকের মাদানুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, প্রতিন্দ্বন্দ্বীতারত দুই প্রার্থী শচীন ও সোমাপ্পা সমান সংখ্যক ভোট পান।
ঐ মুহূর্তে বিভ্রান্ত নির্বাচনী কর্মকর্তা জয় পরাজয় নির্ধারণে আশ্রয় নেন টস পদ্ধতির। মুদ্রা আকাশে ছুড়ে নির্ধারণ করা হয় বিজয়ীকে।
হয়ত বিখ্যাত ক্রিকেটারের সঙ্গে নামের মিল থাকার কারণেই শচীনের ভাগ্যেই শিকে ছেড়ে। টস তার পক্ষে যায়। এর আগে ভোটাভোটির লড়াইয়ে উভয়েই ১৩০টি করে ভোট পেয়েছিলেন।
ভারতে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্যে নির্ধারিত আসন সংখ্যা ৯৪,০০০। শুক্রবার অব্দি ৫৪০০ টি গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই প্রথমবারের মতো নির্বাচনী প্রক্রিয়ায় তড়িচ্চালিত ভোটযন্ত্র ব্যবহার করা হচ্ছে।
বিজয়ী নির্বাচন করতে টসের আশ্রয় নেয়ার ঘটনা ভারতে এটিই প্রথম। প্রতিদ্বন্দ্বী সোমাপ্পা বিনা বাক্য ব্যায়ে এ রায় মেনে নেবেন কিনা তা এখনও অস্পষ্ট।
সূত্র : অনলাইন
এলএ