চীনে জাহাজডুবি : ৩৩১ মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০৬ জুন ২০১৫

চীনের ইয়াংজি নদীতে টর্নেডোর আঘাতে জাহাজ ডুবির ঘটনায় ৩৩১ জন আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার জাহাজটি খাড়া করার পর থেকে শনিবার সকাল পর্যন্ত এ মরদেহগুলো উদ্ধার করা হয়। খবর রয়টার্স।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরো ১০০ জনেরও বেশি আরোহী। এ পর্যন্ত জাহাজের ক্যাপ্টেনসহ মাত্র ১৪ জীবিত জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরো লাশের সন্ধানে জাহাজটির কেবিনগুলোতে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছে সরকারি চীনা সংবাদপত্র পিপলস ডেইলি।

উল্লেখ্য, গত সোমবার রাতে ইয়াংজি নদী ধরে যাওয়ার সময় হুবেই প্রদেশের জিয়ানলি এলাকায় পর্যটকবাহী চারতলা জাহাজ ইস্টার্ন স্টার টর্নেডোর কবলে পড়ে ৪৫৮ জন আরোহী নিয়ে ডুবে যায়। আরোহীদের মধ্যে ৪০৫ জন যাত্রী, ট্রাভেল এজেন্সীর পাঁচ কর্মী ও ৪৬ জন ক্রু ছিলেন।

কর্তৃপক্ষের প্রকাশিত এক তালিকায় দেখা গেছে, জাহাজটির যাত্রীদের মধ্যে তিন থেকে শুরু করে ৮০ বছরেরও বেশি বয়সী যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই পঞ্চাশোর্ধ পর্যটক। ঘটনাটি ৭০ বছরের মধ্যে চীনের সবচেয়ে প্রাণঘাতী নৌদুর্ঘটনায় পরিণত হতে পারে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।