ভূমিকম্পে সুসংহত নেপালের রাজনীতি


প্রকাশিত: ০৩:২৩ এএম, ১০ জুন ২০১৫

গত ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের কারণে নেপালের রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে ঐক্যের বন্ধন লক্ষ্য করা যাচ্ছে। যার ফলশ্রুতিতে দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে ঐতিহাসিক চুক্তিও সই হয়েছে। এ চুক্তির ফলে নেপাল আটটি প্রদেশে বিভক্ত হবে। তবে চালু থাকবে সংসদীয় ব্যবস্থাই।

নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে গত কয়েক বছর ধরে যে অচলাবস্থা বিরাজ করছিল এর মধ্যদিয়ে তার অবসান ঘটলো বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

দেশটির দৈনিক ‘নাগরিক’ পত্রিকার সম্পাদক গোনা রাজ লুইটেল বলেন, “জনগণ রাজনৈতিক দলগুলোর বিষয়ে হতাশ হয়ে পড়েছিল। তারা ভাবছিল আর কখনোই হয়তো সংবিধান প্রণয়ন সম্ভব হবে না। কারণ রাজনীতিবিদরা কখনোই ঐকমত্যে পৌঁছাতে পারবে না। কিন্তু ভূমিকম্প সব কিছু পাল্টে দিয়েছে’’।

নেপালের তথ্যমন্ত্রী মিনেন্দ্র রিজাল বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চুক্তি হয়েছে তা একটি বড় অগ্রগতি। দুর্যোগ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুপ্রেরণা যুগিয়েছে।”

চুক্তি অনুযায়ী আগামী মাসে খসড়া সংবিধান তৈরি করা হবে। এরপর তা সংসদে দুই-তৃতীয়াংশ ভোটে পাস হবে। আটটি প্রদেশের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা থাকলেও দেশটির সব মহলই ওই চুক্তিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।