চলতি বছর লক্ষাধিক অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে
সিরিয়ায় যুদ্ধের কারণে এ বছর কমপক্ষে এক লাখ অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে সংস্থাটি বলেছে, এ বছর নাটকীয় হারে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বেড়ে গেছে।
ইউএনএইচসিআর জানায়, এক লাখ তিন হাজার উদ্বাস্তু চলতি বছরের শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছেছে। এদের ৫৪ হাজার জন নেমেছে ইটালিতে, ৪৮ হাজার নেমেছে গ্রিসে, ৯২০ জন গিয়েছে স্পেনে আর ৯১ জন মাল্টায় আশ্রয় নিয়েছে। কিন্তু প্রায় এক হাজার ৮০০ জন সাগরে ডুবেই নিহত হয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে ইউএনএইচসিআর জানিয়েছে, ইউরোপে আগত উদ্বাস্তু ও অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা নাটকীয় হারে বেড়ে যাওয়ায় সংস্থাটি ইটালি ও গ্রিসে এর উপস্থিতি ও কার্যক্রমের সম্প্রসারণ করেছে।
সর্বশেষ গত এক সপ্তাহে ভূমধ্যসাগরের ইতালি ও লিবিয়া উপকূল থেকে ছয় হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এদের বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকা অঞ্চল থেকে আগত।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম এর হিসাব মতে, পুরো ২০১৪ সালের তুলনায় চলতি বছরের মাত্র প্রথম পাঁচ মাসেই অন্তত তিনগুন বেশি উদ্বাস্তু ও অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে।
আইওএম জানিয়েছে গ্রিস উপকুলে প্রতিদিন অন্তত ৬০০ মানুষ নামছে। আর এসব মানুষের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, আফগানিস্তান ও ইরাক থেকে জীবন-জীবিকার তাগিদে পালিয়ে এসেছে। ওই তিন দেশ থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের অর্ধেকেরও বেশি গ্রিক দ্বীপ লেসভসে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আইওএম।
এসকেডি/এমএস