চতুর্থ দফায় থাই সেনা কর্মকর্তার সম্পদ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১২ জুন ২০১৫

মানবপাচারের সঙ্গে জড়িত থাই সেনাবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল মানাস কংপানের আরো ৩ কোটি ৪০ লাখ বাথ (৭ কোটি ৮৬ লাখ টাকা প্রায়) সমমূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। দেশটির অর্থপাচার বিরোধী বিভাগ (আমলো) এগুলো জব্দ করে। এ পর্যন্ত তার ১০ কোটি ৯০ লাখ বাথ (২৫ কোটি ১৯ লাখ টাকা প্রায়) সমমূল্যের সম্পদ জব্দ করা হল।

 

আমলো’র প্রধান পুলিশ কর্নেল সিহানার্ত প্রায়ুনরাৎ জানান, এ নিয়ে চতুর্থ দফায় মানাসের সম্পদ জব্দ করা হল। নতুন জব্দের তালিকায় ৬৮ ধরনের সম্পদ ও ৪০ লাখ বাথের ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে।

 

তিনি আরও জানান, সম্প্রতি মানাসের সংশ্লিষ্ট একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা ৩ কোটি বাথের খোঁজ পাওয়া গেছে। তবে এ অর্থ মানবপাচার সংশ্লিষ্ট কার্যক্রম থেকে পাওয়া কি না তা নিশ্চিত করতে পারেননি তিনি। তিনি বলেন, ‘যদি পুলিশ স্পষ্ট প্রমাণ পায় যে, এই অর্থও মানবপাচার বাণিজ্য থেকে এসেছে তাহলে তাও জব্দ করা হবে।’
তিনি আরও বলেন, ইতোমধ্যে মানাসের যে অর্থ জব্দ করা হয়েছে সেগুলো পাচারকারী দালালের মাধ্যমে তার কাছে এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ওই দালালের কাছ থেকে অর্থ নেওয়ার মাধ্যমেই প্রমাণিত হয় যে, মানাস সরাসরি মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন।

 

এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।