দুই টাকায় এক কেজি চাল!


প্রকাশিত: ০২:১৫ পিএম, ১২ জুন ২০১৫

দুই টাকা কেজি দরে চাল কিনবেন? অসম্ভব নয়, সম্ভব! তবে বাংলাদেশে নয়, ভারতে। আগের যুগে শায়েস্তা খা’র আমলে পাওয়া যেত এক টাকায় আট মন চাল। বর্তমানেও ভারতের পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের জনগণকে দুই টাকা কেজি দরে চাল খাওয়াবে।

হ্যাঁ ইতোমধ্যে দু`টাকা কিলো চালের প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে রাজ্যে। কেন্দ্রের সাড়া না-মিললেও, আগামী বছরের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে চালকেই ঢাল করছেন মমতা ব্যানার্জি। আর সেই লক্ষ্যেই খাদ্যসুরক্ষা আইনের আওতায় আসা ৬৭ শতাংশ মানুষের পর আরো ২০ শতাংশকে মুখ্যমন্ত্রীর স্পেশ্যাল প্যাকেজের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে। যার ফলে রাজ্যের জনসংখ্যার ৮৭ শতাংশ, অর্থাৎ প্রায় আট কোটি মানুষই চলে আসছেন অত্যন্ত সস্তায় খাদ্যশস্য পাওয়ার তালিকায়।

রাজ্যের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, কতো সংখ্যক মানুষকে খাদ্যসুরক্ষা আইনের আওতায় আনা যাবে, তার কোটা নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্র। এ রাজ্যের ৬৭.৫ শতাংশ, অর্থাত্‍ প্রায় ছ`কোটি মানুষ আসতে পারবেন এর আওতায়। এই নাগরিকদের বাছাই করা হয়েছে স্যোশিও ইকনমিক কাস্ট সেন্সাসের তথ্য অনুযায়ী। তারপরও যেসব মানুষের প্রয়োজন রয়েছে, তাদেরকেও স্পেশ্যাল প্যাকেজের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

মাওবাদী প্রভাব ঠেকাতে পূর্বতন বামফ্রন্ট সরকার জঙ্গলমহলের বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলোর জন্য দু`টাকা কেজি দরে চাল সরবরাহের প্রকল্প চালু করেছিল। এই সরকার জঙ্গলমহলের সব বাসিন্দা ছাড়াও সুন্দরবনের আইলায় ক্ষতিগ্রস্ত ব্লক, দার্জিলিং পাহাড়, সিঙ্গুরের অনিচ্ছুক চাষি, শবর, লোধা, টোটো জনজাতিভুক্তদের জন্য দু`রুপি কেজিতে চাল সরবরাহের স্পেশ্যাল প্যাকেজ চালু করে। এখন যার আওতায় রয়েছেন তিন কোটি ২১ লক্ষ মানুষ। যার জন্য সরকারের বছরে খরচ হয় প্রায় এক হাজার কোটি রুপি।

ওই প্যাকেজের আওতায় থাকা একটি বড় অংশের মানুষই চলে আসবেন খাদ্যসুরক্ষা আইনের আওতায়। ফলে মুখ্যমন্ত্রীর বিশেষ প্যাকেজের সুবিধা প্রয়োজন হবে না তাদের। ইতিমধ্যেই উত্তর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে চালু হয়েছে খাদ্যসুরক্ষা আইন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।