হাসপাতাল ছাড়লেন কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শিগগিরই তিনি ভিয়েনায় ইরান আলোচনায় যোগ দেবেন। হাসপাতাল ছাড়ার সময়ে শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জেনেভা সফরকালে ফ্রান্সের আল্পসে সাইকেল থেকে পড়ে পা ভেঙ্গে যাওয়ায় তিনি বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি হন। ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা কেরি সাংবাদিকদের বলেন, ‘আমি ভিয়েনায় আমাদের দলের সাথে কথা বলেছি। এখন আমি ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক এ আলোচনায় পুরোপুরি ব্যস্ত হবো। আমি এক মুহূর্ত সময়ও নষ্ট করতে চাই না।’
কেরি বলেন, ‘আলোচনার গুরুত্বপূর্ণ মুহূর্তকে এগিয়ে নিতে আমি আগামী কয়েক দিনের মধ্যে যথাসময়ে ভিয়েনা যাবো।’ উল্লেখ্য, এ সময় কেরিকে অনেক দুর্বল দেখাচ্ছিল।
তেহরানের পরমাণু কর্মসূচি বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে আলোচনার জন্য জেনেভা সফরকালে গত ৩১ মে ফ্রান্সের আল্পসে সাইকেল থেকে পড়ে ৭১ বছর বয়সী কেরির ডান পায়ের উরুর হাড় ভেঙ্গে যায়। পরে তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং ২ জুন বোস্টনে তার অস্ত্রোপচার করা হয়।
ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে এক দশকের অচলাবস্থা নিরসনের লক্ষে চুক্তির কাঠামো নির্ধারণে গত এপ্রিল মাসে তেহরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য এবং জার্মানি সুইজারল্যান্ডের লুসানি নগরীতে আলোচনায় বসতে সম্মত হয়। আগামী ৩০ জুনের মধ্যে ইরান চুক্তি চূড়ান্ত করার কথা রয়েছে।
এসএইচএস/আরআই