চিড়িয়াখানায় বন্যা, রাস্তায় এলো সিংহ-বাঘ-গণ্ডার
জর্জিয়ায় বন্যা চলছে এখন। গত কয়েকদিনের প্রবল বর্ষণে রাজধানী তিবলিসির চিড়িয়াখানা কার্যত ভেসে গেছে। ভেসে গেছে বাড়ি-ঘর। নেই কোনো অন্নসংস্থানের ব্যবস্থা। এ অবস্থায় গৃহহীনরা কেউ বাধ্য হয়ে আশ্রয় নিয়েছে রাস্তায়, কেউ বাসার খোঁজ করতে বেরিয়ে পড়েছে।
তবে পড়ে মনে হতে পারে যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথাই বলা হয়েছে। আসলে তা নয়। বন্যা হয়েছে। ঘরও ভেসেছে। কিন্তু, ক্ষতিগ্রস্তরা কেউ মানুষ নন। এরা সকলেই চিড়িয়াখানার পশুপাখি। আর সেই নিয়েই তুলকালাম জর্জিয়া।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রবল বর্ষণে তিবলিসির চিড়িয়াখানা ভেসে গেছে। বাঁচার তাগিদে চিড়িয়াখানার বেড়া টপকে জীব-জন্তুরা সব বেরিয়ে পড়েছে রাজধানীর রাস্তায়। কে নেই সেই দলে। পশুরাজ সিংহ থেকে শুরু করে বাঘ, গণ্ডার, ভালুক, নেকড়ে, জলহস্তি এমনকী কুমিরও।
সরকারি সূত্র জানায়, ভারী বৃষ্টির ফলে শহরের মধ্যে দিয়ে বয়ে চলা ছোট্ট নদী এখন ফুঁসছে। তার পানি উছলে ভাসিয়ে দিয়েছে শহর। বাদ যায়নি চিড়িয়াখানাও।
এদিকে, শহরের পথে ঘুরে বেড়ানো বণ্যপ্রাণীদের হামলা থেকে মানুষদের বাঁচাতে তৎপর স্থানীয় প্রশাসন। একান্ত জরুরি না হলে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যেন বাড়ির বাইরে না বের হন। এমনকী, জন্তুদের হামলা ঠেকাতে, সকলকে বলা হয়েছে বাড়ির খিড়কি-দরজা সব বন্ধ করে রাখতে।
বিএ/আরআই