ফিলিস্তিন প্রধানমন্ত্রীর পদত্যাগ
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী রামি হামদাদুল্লাহ পদত্যাগ করেছেন। মঙ্গলবার এমন ঘোষণার পর এক দিনের মাথায় বাস্তবে রূপ নিলো ঘোষণাটি। খবর এএফপি।
এদিকে, ঐক্যের সরকার ভেঙে দেয়ার পরপরই নতুন সরকার গঠনের নির্দেশ দিয়েছেন মাহমুদ আব্বাস। হামাস মুখপাত্র নিমর হাম্মাদ জানান, হামাসসহ ফিলিস্তিনের উপদলগুলোর সঙ্গে সমঝোতা করেই নতুন সরকার গঠন করা হবে। তাছাড়া নতুন সরকার না আসা পর্যন্ত বর্তমান প্রশাসন কার্যকর থাকবে।
প্রসঙ্গত, গত বছরের জুনে পশ্চিম তীরের শাসক দল ফাতাহ ও গাজার শাসক দল হামাসের মধ্যে এ ঐক্যের সরকার গঠিত হয়। এ সরকার গঠনের পর থেকে এর সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে ইসরাইল।
২০০৬ সালে ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করে ইসলামপন্থী দল হামাস। এরপর থেকে অধিকৃত গাজা উপত্যকা শাসন করে আসছে দলটি। অপরদিকে পশ্চিম তীরের ক্ষমতায় রয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ।
এসকেডি/আরআইপি