পাল্টাপাল্টি অবস্থানে রাশিয়া-পশ্চিমা বিশ্ব


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ১৮ জুন ২০১৫

ইউক্রেন ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে রাশিয়া এবং পশ্চিমা বিশ্ব। পূর্ব ইউরোপের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ভারি অস্ত্র মোতায়েনের পরিকল্পনার জবাবে পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরো সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।  

এ দিকে রাশিয়ার এই ধরনের পদক্ষেপের  তীব্র নিন্দা জানিয়ে ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ বলেন, ”রাশিয়া বেশ কিছুদিন ধরে যে আচরণ করে আসছে, আমার মনেহয় প্রেসিডেন্ট পুতিনের আজকের বিবৃতি সেটাই নিশ্চিত করেছে। তারা বেশি বেশি মহড়া করছে, পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে, এবং নিজেদের সামরিক শক্তির বিষয়ে বাগাড়ম্বরও করছে। রাশিয়ার এই পারমাণবিক শক্তির মহড়া একেবারেই অনৈতিক, অস্থিতিশীলতা উদ্রেককারী এবং বিপজ্জনক।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন,”আমাদের পারমাণবিক শক্তিতে যুক্ত হতে যাচ্ছে চল্লিশটিরও বেশি নতুন আন্ত-মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সহ, সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সামাল দেয়ার ক্ষমতা আছে এগুলোর।”

ইউক্রেনের চলমান সংকটের জন্য রাশিয়াকে দায়ী করে, বেশ কিছুদিন ধরেই পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়িয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট, ন্যাটো। এই মুহুর্তে বাল্টিক সাগরে চলছে প্রায় সাড়ে পাঁচ হাজার সেনার সশস্ত্র মহড়া। তবে রাশিয়ার পালটা পদক্ষেপে মোটেও খুশি হতে পারছেন না ন্যাটোর মহাসচিব।

স্নায়ুযুদ্ধের পরে, রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্কের এত অবনতি আর দেখা যায়নি। বিশ্লেষকদের অনেকেই একে তৃতীয় বিশ্বযুদ্ধের অশনি সংকেত বলে সতর্ক করেছেন।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।